১৭ রমজানে ঢাকা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন / ২১
১৭ রমজানে ঢাকা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও আধ্যাত্মিক চেতনাকে ধারণ করে আগামী ১৭ রমজান, ৭ মার্চ (শনিবার) এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা প্রেস ক্লাব। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সাংবাদিক মহল ও সংশ্লিষ্ট অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম (জাকির)-এর সমন্বয়ে ৭ সদস্যবিশিষ্ট একটি ইফতার উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, দোয়া মাহফিলের আয়োজন ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। আয়োজকরা জানান, এ মাহফিল শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না; এটি হবে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন দৃঢ় করার এক অনন্য মিলনমেলা।

রাজধানীর মিরপুর-১ এলাকায় উত্তর বিসিল, রোড নং-১০, মসজিদের পাশস্থ ফ্লাস টিভি-এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থান নির্বাচনের ক্ষেত্রে অতিথিদের যাতায়াত ও অংশগ্রহণের সুবিধার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রথিতযশা সাংবাদিক, বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, কলামিস্ট, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইফতারের পূর্বে পবিত্র কোরআন তিলাওয়াত এবং ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্যও দোয়া করা হবে।

ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং সামাজিক ও পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।